অনলাইন সংরক্ষণ :

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ দলটির চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় আওয়ামী লীগের এক কর্মী এ মামলা করেন। মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে আসামি করা হয়েছে।

এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্য সচিব মো. এম এ হিমেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় এবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এনসিপির দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে তদন্ত শুরু করেছে।

একই সঙ্গে হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। এনসিপি ইউকে অ্যালায়েন্সের ভাষ্য অনুযায়ী, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

তবে এ বিষয়ে আওয়ামী লীগ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।