বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক :

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়নের সিদ্ধান্ত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

সোমবারের (২২ জুন) মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে বলেও জানান ওই কর্মকর্তা। তিনি আরও জানান, সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী এ ছয় জেলায় মোতায়েন থাকবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর সারাদেশে মোতায়েন থাকা সেনাবাহিনী চলতি বছরের ৬ এপ্রিল থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু করে সরকার।

পরে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের কাছে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে।

এমতাবস্থায়, ঢাকা মহানগর এলাকা, চট্টগ্রাম মহানগর এলাকা, গাজীপুর মহানগর এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।