আন্তর্জাতিক ডেস্ক:  দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় জরুরি উদ্ধার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রথম কম্পনের মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুটি ভূমিকম্পের ফলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা প্রায় ৩০ শতাংশ।

 

ভূমিকম্পের তীব্র কম্পনে রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে বহু মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে রাস্তায় আশ্রয় নেন। কয়েকটি বহুতল ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থায়ও বিঘ্ন সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে জোরদার অভিযান চালানো হচ্ছে।

 

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

 

হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ফলে ভেনেজুয়াজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।