অনলাইন সংরক্ষণ :
চার দিনের সফর শেষে চীন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার পথে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
চীন সফরকালে প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংসহ শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকগুলোতে বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিল্প, প্রযুক্তি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সফরের অন্যতম বড় অর্জন হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছায় দুই দেশ।
সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এ সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করবে না, বরং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামোগত অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করবে। চার দিনের এ সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।