​অনলাইন ডেস্কঃ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে নাগরিকদের জন্য এটি নবায়ন করা আবশ্যিক হতে পারে।ইসি সূত্রগুলো জানিয়েছে বর্তমান আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিষয়টি উল্লেখ থাকলেও এতদিন তা বাধ্যতামূলক করা হয়নি। তবে বর্তমান বাস্তবতায় বিষয়টি এখন বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


​নির্বাচন কমিশনের কর্মকর্তারা মূলত মানুষের শারীরিক ও বায়োমেট্রিক পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে ১৫ বছর একটি দীর্ঘ সময়।এই সময়ের মধ্যে মানুষের চেহারায় নানাবিধ স্বাভাবিক পরিবর্তন আসে। আবার অনেকে চিকিৎসা বা সার্জারির মাধ্যমেও নিজের চেহারায় পরিবর্তন আনেন।

​বায়োমেট্রিক তথ্যের অমিল: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আঙুলের ছাপের (ফিংগারপ্রিন্ট) পরিবর্তন আসে এবং এর গুণগত মান কমে যায়।ব্যক্তির সঠিক পরিচিতি নিশ্চিত করার ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্যের এমন পরিবর্তনের কারণে বর্তমানে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। মূলত এই জটিলতা এড়াতেই এখন এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা চলছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ধারা ৭(১) অনুসারে,কোনো নাগরিককে দেওয়া জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে তা প্রদানের তারিখ থেকে ১৫ বছর। আইনের ২ ধারায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে বা পরে নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের কাছে আবেদন করতে হবে।

​জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ বিধি অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র নবায়নের জন্য প্রত্যেক নাগরিক বা ক্ষেত্রবিশেষে তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।