নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সঙ্গে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম হানিফ শেখ (২২)। তিনি উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

আটক হওয়া তার স্ত্রীর নাম সুমাইয়া আক্তার (২২)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে হানিফ ও সুমাইয়া ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল।

এরই ধারাবাহিকতায় রোববার (২৮ জুন) রাতেও তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, সোমবার সকালে হানিফ ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হন এবং চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।প্রথমে হানিফকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।