হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ আটক বাদল কাজী (২৮) নামের এক মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম জেল-জরিমানা করেছেন। দন্ডপ্রাপ্ত বাদল কাজী আদমদীঘি সদরের তালসন গ্রামের দৌলত কাজীর ছেলে। গত সোমবার (২৯জুন) বিকেলে তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত সোমবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে উল্লেখিত বাদল কাজীকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি বাদল কাজীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।