নিজস্ব প্রতিবেদক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তেহরানের উদ্দেশে রওনা হন। সফরকালে তিনি খামেনির জানাজা, দাফন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ইরানের প্রেসিডেন্টসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

দীর্ঘ প্রায় চার দশক ধরে তিনি ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসেন। ইরানের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৪ জুলাই তেহরানে রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। পরে পবিত্র নগরী কুমে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মাশহাদে তাকে দাফন করা হবে।

 

এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও উচ্চপর্যায়ের অতিথিদের অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।