রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে প্রকাশ্য সড়কে মাদক সেবন করে পথচারীদের বিদ্রূপ ও উত্যক্ত করার অভিযোগে তিন যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার আবাদপুকুর পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া ও গুয়াতা গ্রামের মাঝামাঝি এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, উপজেলার গুয়াতা গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে জেমস আহম্মেদ (২৯),কালীগ্রাম বড়িয়াপাড়া তেলিপুকুর গ্রামের জুলহকের ছেলে রানা আহম্মেদ (১৯) ও হাসিবুল ইসলাম (২৩)।
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আবাদপুকুর-পতিসর সড়কের ওই নির্দিষ্ট স্থানে কয়েকজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় পথচারীদের পথ আটকে বিদ্রূপ ও হয়রানি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সেখানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার করা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন।রাণীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া মন্ডল বলেন । আটককৃত তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।