নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার ছোট যমুনা নদী থেকে শাহিদা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার জিন্দাপীর নদীর ঘাট এলাকায় মানত পূরণ করতে নদী সাঁতরে পার হওয়ার সময় তিনি পানিতে তলিয়ে যান। নিহত শাহিদা বেগম সদর উপজেলার সুলতানপুর ডিলারপাড়া এলাকার আব্দুল রশীদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় ২টার দিকে নদী পার হওয়ার সময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে অংশ নেয়।

 

দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৫টার দিকে ডুবুরি দল নদী থেকে শাহিদা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।