হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে পাওনা টাকার জেরে পুর্বশক্রতার জেরে মোটরসাইকেলের গতিরোধ করে প্রবাসি যুবক মেহেদী হাসানকে ছুরিকাঘাতে আহত করে টাকা ও সোনার চেইন ছিনতাই মামলায় সাইফুল হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল হোসেন আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের খোকন হোসেনের ছেলে। এজাহার সুত্রে জানা যায়, আদমদীঘির সান্দিড়া গ্রামের এমদাদুল হকের প্রবাসি ছেলে মেহেদী হাসানের সাথে টাকা লেনদেন সংক্রান্ত পুর্বশক্রতামুলক গত রবিবার দুপুরে মেহেদী হাসান তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান সান্তাহার মাইক্রোস্ট্যান্ড থেকে ২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে সান্দিড়া গ্রামে বাড়ি যাবার পথে আলশার মোড় সুজনের দোকানের সামনে পৌঁছিলে রাজু হোসেন, সাইফুল হোসেন ও সুমন হোসেন-সহ কয়েকজন মেহেদী হাসানের গতিরোধ করে।
এরপর পুর্বের টাকা লেনদেন বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দলবদ্ধ ভাবে মেহেদী হাসানকে মারধর ও ছুরিকাঘাতে আহত করে।এসময় তার ব্যাগে রাখা ২ লাখ টাকা, একটি সোনার চেইন ও রুপার বেসলেট ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মেহেদী হাসানকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় গত সোমবার রাতে মেহেদী হাসানের বাবা এমদাদুল হক বাদি হয়ে আদমদীঘি থানায় উল্লেখিত তিনজনসহ অজ্ঞাত আরো ৩জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ মামলার ২নং আসামী সাইফুল হোসেনকে গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।