নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনার বিষয়ে দলীয়ভাবে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী কোনো সদস্য (রুকন) যদি দলের নিয়ম-শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হন, এমন কোনো কাজ করেন যাতে দলের নৈতিক প্রভাব বা মর্যাদা ক্ষুণ্ন হয়, অথবা সংগঠনের উদ্দেশ্য-লক্ষ্য ও ইসলামের ঈমান-আকিদার পরিপন্থী কোনো কার্যক্রমে সম্পৃক্ত হন, তাহলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে দলের আমির তাকে বহিষ্কার করতে পারেন।

উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হলে তা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

 

ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিলে মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, ঘটনাটির প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড রক্ষায় ভবিষ্যতেও একই ধরনের বিষয়ে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিডি /নিউজ /বাংলা২৪/ডটকম