বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরের চালিতাবাড়ি এলাকায় বুধবার গভীর রাতে আতিকুর রহমান সাগর মণ্ডল (২৬) নামের ছাত্রদলের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাগর মণ্ডল শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জেরে নিজ স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে চালিতাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাগরের জ্যাঠাতো ভাই জুলহাসসহ ২০ থেকে ২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।
এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাপলা নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
বিডি / নিউজ /বাংলা ২৪/ ডটকম