নিজস্ব প্রতিবেদক : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শিগগিরই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনের বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তার সম্ভাব্য পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ব্যক্তিগত ও অধস্তন কর্মকর্তাদেরও বঙ্গভবন ত্যাগের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে আলোচনা রয়েছে। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রাম নিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন বলেও সূত্রের দাবি।

 

রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শুরুতে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নাম আলোচনায় থাকলেও, সাম্প্রতিক সময়ে নতুন করে প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নামও আলোচনায় উঠে এসেছে।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারের নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও জাতীয় নির্বাচনের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সম্ভাব্য পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতের বিভিন্ন সাংবিধানিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

 

তবে উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ বা নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত সরকার, বঙ্গভবন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনো আলোচনা ও বিভিন্ন সূত্রের তথ্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

 

বিডি /নিউজ /বাংলা২৪/ডটকম