নিজস্ব প্রতিবেদক : উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি উঠেছে।একই সঙ্গে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

 

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা আয়োজিত ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এসব দাবি ও মতামত তুলে ধরা হয়।

 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। বর্তমান সরকার পিছিয়ে পড়া এই অঞ্চলের উন্নয়নসহ সারাদেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

 

তিনি বলেন, দেশের বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সারাদেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রমও এগিয়ে চলছে।

 

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাস বিকৃতির অভিযোগে আওয়ামী লীগের সমালোচনা করে উত্তরাঞ্চলকে দীর্ঘদিন অবহেলা করা হয়েছে। বৈষম্য দূর করে দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

 

সভায় সভাপতিত্ব করেন বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

 

মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের পাঁচটি জেলা প্রায় দুই দশক ধরে অবহেলার শিকার ছিল। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। তিনি উত্তরাঞ্চলের উন্নয়ন ইস্যুতে প্রধান অতিথিকে সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায়।সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়াকে বিভাগ ঘোষণা করার দাবি জানান। এ সময় বক্তারা বলেন, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা এই পাঁচ জেলার কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।

 

এসব সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই।

 

সেমিনারে আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ ও গাইবান্ধার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জয়পুরহাট ও সিরাজগঞ্জের সংসদ সদস্যবৃন্দ, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল হক তৈয়ব জাকির, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মতিউর রহমান এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষক অংশ নেন। বক্তারা উত্তরাঞ্চলের আঞ্চলিক বৈষম্য দূর করে টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

বিডি/ নিউজ /বাংলা২৪/ডটকম