রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে রেলস্টেশন এলাকায় রেলওয়ের লিজকৃত দোকানঘরের খাজনা কমানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশনের প্রধান প্রবেশদ্বারে রাণীনগর রেল দোকান মালিক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় শতাধিক দোকানদার অংশ নেন।
সমাবেশে বক্তারা জানান,অতীতে রেলের লিজকৃত দোকানগুলোর প্রতি স্কয়ার ফিটের খাজনা ছিল ১২ টাকা। পরবর্তীতে তা বাড়িয়ে ১৫ টাকা করা হয় এবং বর্তমানে তা একলাফে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বক্তারা তাঁদের উদ্বেগের কথা জানিয়ে বলেন: বর্তমান ব্যবসায়িক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং স্থানীয় অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই দ্বিগুণ খাজনা বৃদ্ধি দরিদ্র ও অসহায় দোকান মালিকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।
ব্যবসায়ীরা সবসময় নিয়মিত খাজনা পরিশোধ করে সরকারের রাজস্ব খাতে অবদান রেখে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চান।
রেল স্টেশনের লিজকৃত দোকানগুলোর খাজনার হার দ্রুত পুনর্বিবেচনা করে সহনীয় ও যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জোড় দাবি জানান তাঁরা। অন্যথায়, আগামীতে আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সমিতি নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘বিগ বাজার’ মার্কেটের স্বত্বাধিকারী মোখলেছুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মুকুল মিনা খালেকুজ্জামান রায়হান,আবু নাসের টনি এবং ঝন্টুসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।