নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি কিন্ডারগার্টেন স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষকের নাম শফিউল হাসান দিপু, যিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির, কোলা ইউনিয়নের কাজি এবং অভিযুক্ত ‘আলফা কিন্ডারগার্টেন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।

​সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভান্ডারপুর এলাকায় অবস্থিত আলফা কিন্ডারগার্টেনে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।

এই সুযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক ওই পঞ্চম শ্রেণির ছাত্রীকে একা পেয়ে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন। ছাত্রীটি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান।

পরদিন মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রর্দশন করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ভান্ডারপুর চারমাথা এলাকায় স্থানীয়রা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন বলেন, “অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও নারী-সংক্রান্ত ও বাল্যবিবাহের অভিযোগ শুনেছি। তার কাজির লাইসেন্স এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” ভুক্তভোগীর বাবা ও স্থানীয় বাসিন্দারাও অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

​অভিযোগের ব্যাপারে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও শফিউল হাসান দিপুর ফোন বন্ধ পাওয়া গেছে। তবে জয়পুরহাট জেলা জামায়াতের আমির মো. ফজলুর সাঈদ বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। এটি কোনো ষড়যন্ত্র হতে পারে, আমরা খতিয়ে দেখছি। তবে অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানে ভাঙচুর করা অন্যায়।

বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ইউএনও ইসরাত জাহান ছনি জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম