বিডি নিউজ বাংলা ডেস্কঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
আদালত সূত্রে জানা যায়,উপজেলার বড়গাছা গ্রামের শাহ-নেওয়াজ (মাঝগ্রাম) নামের এক ব্যক্তি মাদক সেবন করে পরিবারের লোকজনের ওপর অত্যাচার চালিয়ে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাঁর নিজ বাড়িতে অভিযান চালানো হয়।অভিযানে ইনছের আলীর ছেলে শাহ-নেওয়াজকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।পরবর্তীতে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, বুধবার রাতে উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামে পৃথক একটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় শুকবর আলীর ছেলে জিল্লুর রহমানকে আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান ও সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।