কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে প্রবাসী শাহাদাত হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে থানা চত্বরে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট থানার প্রধান ফটকের সামনে প্রবাসীর স্বজন ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনাসহ প্ল্যাকার্ড ও ব্যানার বিভিন্ন দাবী প্রদর্শন করেন।

 

‎মানববন্ধনে বক্তারা বলেন, ড্রাইভিং ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে শাহাদাত হোসেনকে বিদেশে পাঠানো হয়। বিদেশে অবস্থানকালে তিনি নানা ধরনের হয়রানি, নির্যাতন ও হুমকির মুখে ছিলেন বলে পরিবারের সদস্যরা দাবি করেন। একপর্যায়ে রহস্যজনক পরিস্থিতিতে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় পরিবারের অভিযোগ, দালাল হিসেবে অভিযুক্ত মহমুদুল সরকার, আরিফ এবং এসআই মোস্তাফিজুর রহমানের ভূমিকা রয়েছে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করা জরুরি।

 

মানববন্ধন থেকে বক্তারা শাহাদাত হোসেনের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন, অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মানবপাচার ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা, বিদেশগামী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

 

‎বক্তারা আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা, মানবপাচার ও হয়রানির ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে সাধারণ মানুষ প্রতারণার শিকার হতে থাকবে।

 

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং মামলায় আসামিরা অন্তর্ভুক্ত রয়েছেন বর্তমানে আসামিগণ জামিনে  রয়েছেন ।

 

তবে বিদেশে শাহাদাত হোসেনের মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত থানায় পৃথক কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ডটকম