রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া সদরের এরুলিয়া এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসা দিনমজুরের বাজারে শাহ ফতেহ আলী পরিবহনের বাসের ধাক্কায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।
৭ আগষ্ট শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরের আলো ফোটার আগেই এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফাঁকা সড়কে দিনমজুর ও শ্রমিকদের একটি বাজার বসে।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে থাকা লোকজনকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ এমন প্রাণঘাতী দুর্ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘাতক বাসটিকে শনাক্ত করাসহ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।