নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহব্বতপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ ঘরে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল জানান, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল।
কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে; তাই বলে জীবন শেষ করে দেয়া কোনো সমাধান নয়। সে চাইলে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেত।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।