নিজস্ব প্রতিবেদক : প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

 

সোমবার (১০ আগস্ট) দুপুরে ব্যাংকের পক্ষে দুদক কার্যালয়ে এ অভিযোগ জমা দেন ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী। ব্যাংকের অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য থাকাকালে ঋণ অনুমোদন ও বিতরণে এসব অনিয়মের ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা অনিয়মের মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরবর্তীতে বর্ধিত ঋণসীমার বিপরীতে অর্থ উত্তোলন করে তা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্যাংক।

ইসলামী ব্যাংকের দাবি, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের পক্ষে অনিয়ম করে ঋণ অনুমোদনে ব্যবসায়ী সাইফুল আলম ভূমিকা রাখেন। ব্যাংকের অভিযোগে প্রতিষ্ঠানটিকে অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মাওলা, আবদুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়ায় ভূমিকা রাখেন।
ব্যাংকের অভিযোগ, ঋণ অনুমোদন ও বিতরণে অনিয়মের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।

ঘটনাটি তদন্তে নিয়োগ পাওয়া চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাত দিয়ে ইসলামী ব্যাংক জানিয়েছে, ঋণসীমা বৃদ্ধি, ঋণ অনুমোদন এবং অর্থ বিতরণে বিভিন্ন ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেছে।

 

অভিযোগে আরও বলা হয়, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের আর্থিক সক্ষমতা এবং ঋণ পরিশোধের সামর্থ্য যথাযথভাবে মূল্যায়ন না করেই ঋণসীমা বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ওই অর্থ ব্যাংকের স্বার্থের পরিপন্থী কোনো কাজে ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক।

 

মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

 

বিডি/ নিউজ /বাংলা ২৪/ ডটকম