নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রিটের বিষয়টি জানিয়েছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। তিনি জানান, আগামী রোববার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।

রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের চলমান তফসিলের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। আইনজীবী ইউনুছ আলী আকন্দের দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং এতে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে যা বলা হয়েছে।

 

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

রিটকারী আইনজীবীর বক্তব্য, এই বিধানের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ সীমিত হয়ে যায়। বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এর প্রভাব রয়েছে বলে তিনি মনে করেন। আজ মনোনয়নপত্র জমার শেষ দিন। এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা ১৯৯১ সালের পর এবারই রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির পাশাপাশি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও প্রার্থী দিয়েছে। জোটটি সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। এ পর্যন্ত বিএনপি দুটি এবং ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। পূরণ করা মনোনয়নপত্র বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার দপ্তরে জমা দিতে হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মনোনয়নপত্র বাছাই শেষে একাধিক প্রার্থী বৈধ থাকলে ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে চট্টগ্রাম-৪ আসনটি শূন্য থাকায় জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। যেভাবে হবে ভোট ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দেবেন।

২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে সেখানেই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা হিসেবে সিইসি ফলাফল ঘোষণা করবেন এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। ইসি সচিব আরও জানান, ভোটগ্রহণের শুরুতে সরাসরি সম্প্রচার করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধভাবে জমা পড়েছে এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, গণনার পর তা জানানো হবে।

রিটে কী হয়, এখন সেটিই দেখার গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন জোট পৃথক প্রার্থী দেওয়ায় এবার রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হওয়ায় পুরো নির্বাচনী প্রক্রিয়ায় নতুন করে আইনি আলোচনার সৃষ্টি হয়েছে।

 

বিডি/ নিউজ/ বাংলা ২৪/ডটকম