নিজস্ব প্রতিবেদক : প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার (১৫ আগস্ট) দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

 

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালিত হবে। দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। আজ বেলা ১১টায় সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

 

এদিকে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

 

আগামীকাল রোববার (১৬ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও একই কর্মসূচি পালন করা হবে। খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম এবং ডাকনাম পুতুল। তার রাজনৈতিক জীবন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তিনি বিএনপির নেতৃত্বে আসেন। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।

 

১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে আরও দুই দফায় তিনি সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শেষদিকে মামলা, কারাবাস ও নানা শারীরিক জটিলতার কারণে দীর্ঘ সময় প্রতিকূলতার মধ্যে ছিলেন খালেদা জিয়া।

 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ডের পর তিনি দীর্ঘদিন কারাবন্দী ও চিকিৎসাধীন ছিলেন। দেশে ও বিদেশে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন খালেদা জিয়া। তার জন্মদিন উপলক্ষে আজকের দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশ নেবেন।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম