বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক : সুন্দরবনের নলিয়ান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা হরিণের মাংসের আনুমানিক বাজারমূল্য ৯৯ হাজার টাকা।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টার মধ্যে নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পৃথক দুটি স্থান থেকে মোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
অভিযান শেষে জব্দ করা হরিণের মাংস ও আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।