অরবিন্দ কুমার দাস দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যাটারী চালিত অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফাতেমাতুজ জহুরা ইতি(২৬) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু উপজেলার তালোড়া পৌর এলাকার বাঁশোপাতা মহল্লার আব্দুল কুদ্দুসের স্ত্রী।
১৬আগস্ট রোববার সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালে ফাতেমাতুজ জহুরা বাড়ির বাইরে রাস্তার পাশে তার স্বামীর অটো চার্জার ভ্যানে চার্জ দিতে যায়। এসময় তিনি অসাবধানতা বসতঃ বিদ্যুতায়িত হয়। পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।