​আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন পরিবারের আয় বৃদ্ধি এবং খাদ্য ও জীবিকা নিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপকারভোগী পরিবারের মাঝে গবাদিপশু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে।

এম সি সি বাংলাদেশ এর সহযোগিতায় এবং আলো Assistance for Landless Organizationএর বাস্তবায়নে পরিচালিত রুরাল লাইভলিহুড অ্যান্ড ফুড সিকিউরিটি RLFS প্রজেক্টের আওতায় এই সহায়তা প্রদান করা হয়।সোমবার বিকেলে উপজেলার নির্বাচিত ২৫টি পরিবারের মাঝে ১টি করে ছাগল,৩০টি পরিবারকে ১১টি করে মোট ৩৩০টি হাঁস এবং ১৫টি পরিবারকে ১০টি করে মোট ১৫০টি মুরগি বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রব্বানী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সুলতান হাসান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আলোএর নির্বাহী পরিচালক মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবিধাভোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।উদ্যোগটির স্থায়িত্ব নিশ্চিত করতে উপকার ভোগীদের সরকারি প্রাণিসম্পদ সেবার সাথে সরাসরি সম্পৃক্ত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আলো-এর নির্বাহী পরিচালক মাসুদুর রহমান জানান, প্রকল্পে উপকারভোগীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ছাগল বিতরণের ক্ষেত্রে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ছাগল নির্বাচন ও ক্রয়ের সুযোগ দেওয়া হয়েছে।

হাঁস-মুরগি ও ছাগল পালনের মাধ্যমে ডিম, মাংস এবং বংশবিস্তারের সুযোগ কাজে লাগিয়ে পরিবারগুলো আয় বৃদ্ধির পাশাপাশি পারিবারিক পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।উল্লেখ্য,গ্রামীণ ওঝুঁকিপূর্ণ পরিবারের জীবিকা উন্নয়ন,জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি,খাদ্য-পুষ্টি নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়নে আলো কাজ করে যাচ্ছে।

সম্পদ বিতরণের পাশাপাশি উপকারভোগীদের নিজস্ব সম্পদ গড়ে তোলা নারীর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় পরিবারগুলোকে সক্ষম করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিডি /নিউজ /বাংলা২৪ / ডটকম