নিজস্ব প্রতিবেদক : নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা মামলায় আসামি রবিউল সিকদার রবিকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। নড়াইলের আইনি ইতিহাসে বিচারিক কার্যক্রম শুরুর মাত্র আট কার্যদিবসের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার সমস্ত প্রক্রিয়া শেষ করে রায় প্রদান একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

দণ্ডপ্রাপ্ত রবিউল সিকদার রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। পেশায় রাজমিস্ত্রি রবিউল ভুক্তভোগী শিশু জান্নাতুলের প্রতিবেশী ও দূরসম্পর্কের ফুফাতো ভাই। নিহত জান্নাতুল স্থানীয় দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

​মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শিশু জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর রবিউল পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরদিন ২১ জুলাই সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওই দিনই নিহত শিশুর বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। ঘটনার তদন্তে নেমে সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু রেকর্ড মাত্র ১১ কার্যদিবসে তদন্ত শেষ করে গত ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

​পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় টানা আট কার্যদিবসে বাদীসহ মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করা হয়। সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিল।

এই রায়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন নিহত জান্নাতুলের বাবা মফিজুর রহমান ও মা লাবনী খানম। কান্নাজড়িত কণ্ঠে তারা আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানান। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মাত্র আট কার্যদিবসে মামলাটির বিচার সম্পন্ন করে আদালত একটি ঐতিহাসিক রায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের উপস্থাপিত বস্তুনিষ্ঠ সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতেই আসামিকে এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এই রায় শিশুদের বিরুদ্ধে সংঘটিত যেকোনো জঘন্য অপরাধের বিরুদ্ধে বিচার বিভাগের এক কঠোর ও স্পষ্ট বার্তা হিসেবে কাজ করবে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম