নিজস্ব প্রতিবেদক ঢাকা : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাকে অভিনন্দন জানান জামায়াত আমির।

 

অভিনন্দন বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তিনি তাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন।

 

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। অপরদিকে কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতিকে ঘিরে বিভিন্ন দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম