নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
এদিকে আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবকে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। এ ছাড়া বিষয়টি অবহিত করতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে।ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য হলো। এখন নির্বাচন কমিশনের উদ্যোগে এ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাবে।