আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৪৭৩ জন। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১ হাজার ৯২৪ জন, যাদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র প্রায় চার ঘণ্টার ব্যবধানে নিখোঁজের তালিকায় নতুন করে প্রায় এক হাজার মানুষের নাম যুক্ত হয়েছে। বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া কয়েকশ মানুষের তথ্য নতুন করে নিখোঁজের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এ সংখ্যা দ্রুত বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫৭৫ জন। এতে দুর্গত এলাকাগুলোতে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসে রাসুয়া জেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গম অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে।
তবে নিখোঁজদের সন্ধান এবং বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযান চালিয়ে যাচ্ছে।কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকাগুলো থেকে নতুন নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে নিহত, আহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।