নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নিয়ে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণে ইতোমধ্যে বেশ কিছু সুনির্দিষ্ট কৌশল প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক কারবার ও অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকাতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হবে।

 

অপরাধ দমনে পুলিশের দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ সময় তিনি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও সমন্বিত ও জোরদার করা হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম