নিজস্ব প্রতিবেদক: টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। ফলে শনিবার থেকে দুই দেশের মধ্যে স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুরু হবে।
বৃহস্পতিবার ভারতের বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হিলি স্থলবন্দরের অবকাঠামোগত সমস্যা ও বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ মণ্ডল জানান, শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন
বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত
এর আগে বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও পণ্য রপ্তানিতে প্রতিবন্ধকতার অভিযোগ তুলে গত ৩০ আগস্ট থেকে ভারতীয় ব্যবসায়ীরা সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেন। এতে পাঁচ দিন ধরে স্থবির ছিল হিলি স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম এবং কর্মহীন হয়ে পড়েন শত শত শ্রমিক। ধর্মঘট প্রত্যাহারের পর শনিবার থেকে আবারও হিলি স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।