নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের ভূইঘর এলাকায় অভিযান চালিয়ে একটি পাজেরো গাড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, ডিজিএফআই পরিচয় বহনকারী ভিজিটিং কার্ড এবং একটি লাঠি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পাজেরো গাড়ি থেকে আহত অবস্থায় অপহৃত সিএনজি চালক আলাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন
পাঁচ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
পুলিশ জানায়, সাইনবোর্ড এলাকা থেকে কয়েকজন ব্যক্তি ডিজিএফআই পরিচয় দিয়ে আলাউদ্দিনকে তুলে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ ডিজিএফআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি ভুয়া পরিচয় ব্যবহারকারী একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের কর্মকাণ্ড বলে নিশ্চিত হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তারা প্রশাসনের লোক পরিচয়ে বিভিন্ন পেশাজীবী মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।