রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বগুড়ার কৃতি নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মো. মাহবুব হাসান সোহাগ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

সংস্থার সভাপতি ফারহানা চৌধুরী বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান এবং একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা নৃত্যশিল্পী আমানুল হকসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন 

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪জন, অস্ত্র ও মাদক উদ্ধার

স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন নৃত্যশিল্পী কস্তুরী মুখার্জি। ​দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে নৃত্যচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা মাহবুব হাসান সোহাগ বর্তমানে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখা এবং ‘আমরা ক’ জন শিল্পীগোষ্ঠী’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

​অভিষেক অনুষ্ঠানে বগুড়ার ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র শিল্পীরা মাহবুব হাসান সোহাগের সুনিপুণ নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। এছাড়া দেশের খ্যাতনামা নৃত্যশিল্পীদের পরিবেশনাও অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলে। তাঁর এই অর্জনে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে বইছে আনন্দের বন্যা।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম