রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি:  বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার কারণে আব্দুল মালেক নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিচার এবং প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হওয়া রোগীর স্বজনদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা।

​শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া মহানগরের বিসিক এলাকায় ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেকের চিকিৎসায় চরম অবহেলা ও ভুল চিকিৎসা করা হয়েছে, যার ফলে তার মৃত্যু ঘটে। অথচ এই ঘটনার প্রতিবাদ করায় উল্টো নিহতের স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন 

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে – ত্রানমন্ত্রী দুলু

​বক্তারা অবিলম্বে রোগীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান। তদন্তে চিকিৎসায় অবহেলার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মিথ্যা মামলায় গ্রেফতারকৃত স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং রোগীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম