পি এম রতন, বিশেষ প্রতিনিধি বগুড়া: আসন্ন বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. নাহিদ পারভেজ জনি ১১ দফা অঙ্গীকার তুলে ধরে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন। ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য বিজ্ঞ ব্যক্তি’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ আসর বালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড়া মাদ্রাসা ও এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অ্যাডভোকেট নাহিদ পারভেজ জনি বক্তব্য দেন।
আরও পড়ুন
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
এ সময় তিনি বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চাই। জনগণের প্রতি জবাবদিহি, স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। কোনো ধরনের তদবির, সুপারিশ বা পক্ষপাতমূলক আচরণকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও বলেন, “ইউনিয়নবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থাকার পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করব। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই।”
সভায় নাহিদ পারভেজ জনি তাঁর ১১ দফা অঙ্গীকার তুলে ধরেন। অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে মাদক ও দুর্নীতিমুক্ত, সমঅধিকারভিত্তিক এবং স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্রমুক্ত আধুনিক ইউনিয়ন গঠন; গ্রাম আদালতকে পক্ষপাতহীনভাবে কার্যকর করা; চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত মাসিক সম্মানী ভাতা ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমভাবে বণ্টন; অসহায় ও দুস্থদের জন্য ফান্ড গঠন; গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং ইউনিয়নবাসীর নিরাপত্তা নিশ্চিত করা।
এ ছাড়া সব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে ন্যায্যতা প্রতিষ্ঠা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও চেয়ারম্যানের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ, ইউনিয়নবাসীর প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতা, সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দিকনির্দেশনা ও সহযোগিতায় উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
মতবিনিময় ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে তাঁদের হাতে ফুটবল তুলে দেন অ্যাডভোকেট নাহিদ পারভেজ জনি। পরে তিনি ইউনিয়নের তালতলা ও বড়াইহাট এলাকায় গণসংযোগ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মসূচিতে সাবেক ইউপি সদস্য আবু রেজা, সাবেক প্রধান শিক্ষক রঞ্জু মাস্টার, মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে বিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।