অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত কাদা মাটি, বাঁশ, খড় আর সুতলি দিয়ে দেবী দুর্গার রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত তারা। নিখুঁতভাবে প্রতিমা ফুটিয়ে তুলতে মৃৎশিল্পীদের যেন দম ফেলার ফুসরত নেই। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ মণ্ডপের প্রতিমার কাঠামো মাটির কাজ প্রায় শেষ দিকে।

 

কোনো কোনো  মণ্ডপে চলছে প্রথম ও দ্বিতীয় দফার মাটির প্রলেপ দেয়ার কাজ। আবার কিছু কিছু মণ্ডপে এখনো চলছে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। নিপুন হাতে ফুটিয়ে তুলছে দেবী দুর্গার পাশাপাশি মহাদেব, গণেশ, কার্তিক, ল²ী ও অসুরের অবয়ব। প্রতিমার মাটির কাজ সম্পন্ন হলে শুরু হবে রং আর তুলির আঁচড়ে দেবীকে জীবন্ত রূপ দেওয়ার মূল আকর্ষণীয় পর্ব। স্থানীয় মৃৎশিল্পীরা জানান, পূর্ব পুরুষদের এই পেশাকে ভালবেসে তারা টিকিয়ে রেখেছেন। তবে বর্তমান বাজারে মাটি, খড়, বাঁশ ও রঙের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। সেই তুলনায় পারিশ্রমিক আশানুরূপ না হলেও দেবী দুর্গার আগমনের আনন্দে সব কষ্ট ভুলে কাজ করে যাচ্ছেন তারা।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস বলেন, এবার দুপচাঁচিয়ায় ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও উপজেলায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হৃদয়ে ভক্তি আর হাতের নিপুন ছোঁয়ায় মণ্ডপে মণ্ডপে দেবীর রূপ ফুটিয়ে তোলার এই কর্মযজ্ঞে জানান দিচ্ছে আর মাত্র কিছু দিন পরেই ঢাকের কাঠি আর শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দুপচাঁচিয়ার হিন্দু পল্লীগুলো।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম