বগুড়া জেলা প্রতিনিধি: ​বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনেস আলীর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি শয়নকক্ষে ধারণ করা এই ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের এমন কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করছেন স্থানীয়রা।

প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকেই এএসআই আনেস আলীর বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কাজ ও পেশাগত অসদাচরণের অভিযোগ উঠতে শুরু করে। প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিওটি প্রকাশ্যে আসার পর সমালোচনা শুরু হলে, তিনি স্থানীয় কয়েকজনকে বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করেন।

স্থানীয়রা জানিয়েছে, ​এর আগেও সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় অবাধ যাতায়াতের সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছিল। তবে সে সময় বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়।এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের কাছ থেকে গোপনে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অর্থের বিনিময়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে তাদের অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগও দীর্ঘদিনের।

​এসব কর্মকাণ্ডের কারণে সান্তাহার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক গতির বদলে চরম অবনতি দেখা দিচ্ছে। সচেতন এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আনেস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

তবে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, “তথ্যটি আমার জানা নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম