রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক এক কিশোরের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান (১৫) গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন অটোরিকশাচালক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে নিজ বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। বুধবার সকালে স্থানীয় লোকজন লোহাগাড়া নয়াপাড়া এলাকার একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে সোনাতলা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।