নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুমোদিত নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়ায় যাওয়ার পর গেজেট প্রকাশের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। অন্যদিকে প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

 

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। তবে একসঙ্গে পুরো কাঠামো বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি বিভিন্ন আর্থিক সুবিধাতেও পরিবর্তন আসবে। নতুন বেতন কাঠামোর আওতায় দেশের প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী আসবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গেজেট প্রকাশের পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ধাপ, বেতন নির্ধারণ এবং অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা স্পষ্ট হবে। ফলে দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম