হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘির নসরতপুর ইউনিয়ন পরিষদ এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ফেলে অবৈধ ভাবে মাছ শিকারের সময় গ্রাম পুলিশ ১৭৫০ ফিট লম্বা ৩৫টি জাল জব্দ করেছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের মুরইল হতে সাওইল সড়কের পাশ থেকে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করে।
জানা যায়, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ফেলে অবাধে ছোট মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নশরতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১৭৫০ ফিট লম্বা ৩৫টি নিষিদ্ধ জাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।
পরে গত শনিবার উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের উপস্থিতিতে জব্দকৃত চায়না দুযারি জাল গুলো নশরতপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে অগ্নিসংযোগের মাধ্যমে পুড়ে ধ্বংস করা হয়। এসময় নশরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ সহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।