নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড়ে পড়ে থাকা একটি বস্তা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বস্তার ভেতর থেকে ৫০০ ও ১ হাজার টাকার আদলে তৈরি বিপুলসংখ্যক নোট পেয়ে স্থানীয়রা তা কুড়িয়ে নিয়ে যান। পরে নোটগুলোর পেছনে ‘অনলি ফর শুটিং (ONLY FOR SHOOTING)’ লেখা দেখতে পান তারা। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ময়লার ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে কয়েকজন সেখানে যান। বস্তার ভেতরে টাকার বান্ডিল দেখে প্রথমে তারা নোটগুলো আসল টাকা বলে মনে করেন।

খবর ছড়িয়ে পড়লে আশপাশের অনেক মানুষ সেখানে জড়ো হন এবং কেউ কেউ বস্তা থেকে নোট নিয়ে চলে যান। পরে নোটের পেছনে ‘অনলি ফর শুটিং’ লেখা দেখতে পেয়ে বিষয়টি পরিষ্কার হয়। এগুলো শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য তৈরি করা নকল নোট বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সাইফুল ইসলাম বলেন, বস্তাটিতে বিপুল পরিমাণ নোট ছিল। স্থানীয়দের কেউ কেউ এর পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করলেও নোটের প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি বান্ডিলসহ কয়েকটি নোট আলামত হিসেবে জব্দ করা হয়।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, উদ্ধার করা নোটগুলো ৫০০ ও ১ হাজার টাকার আদলে তৈরি। এগুলোর পেছনে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে। নোটগুলোর বেশির ভাগই ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের অনেকে নোট নিয়ে চলে যান। ফলে নোটের মোট পরিমাণ কত ছিল, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

ময়লার ভাগাড়ে শুটিংয়ের জন্য তৈরি বিপুলসংখ্যক নোট কীভাবে এলো, কে বা কারা সেখানে বস্তাটি ফেলে গেছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য বা চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, স্থানীয়দের হাতে চলে যাওয়া এসব নোট নিয়ে যেন কেউ বিভ্রান্ত বা প্রতারিত না হন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম