রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় দাম্পত্য কলহের জেরে রাকিবুল হাসান বকুল (৩৫) নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ঝোপগাড়ি অলির বাজার এলাকায় শ্বশুরবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান বকুল বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান রাকিবুল। সেখানে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ ও হাতাহাতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে হাসুয়ার আঘাতে রাকিবুলের গলা কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই নিহতের শ্বশুর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী পারভীন ও তার বোনকে (শালিকাকে) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং পলাতক শ্বশুরকে গ্রেফতারে আইনগত প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রয়েছে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম