​

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার ফাঁপড় এলাকায় সাধারণ মানুষের ব্যবহার্য প্রায় ২০০ বছরের একটি ঐতিহ্যবাহী জলাশয় ভরাট ও দখলের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা। ১১ অক্টোবর রবিবার সকালে বগুড়া সদরের ১ নং ফাঁপড় ইউনিয়নের ফাঁপড় গ্রামের ২ নং ওয়ার্ডের সাহারপুকুর জলাশয়টি রক্ষায় ও ভরাট কার্যক্রম বন্ধের দাবিতে এলাকায় শত শত নারী-পুরুষের উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

জানা গেছে, জমিদারদের রেখে যাওয়া জনসাধারণের ব্যবহারযোগ্য এ জলাশয়টি এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। ​মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে জানান, এই জলাশয়টি তাদের বাপ-দাদার আমল থেকেই কৃষিকাজ ও দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় কৃষকরা তাঁদের উৎপাদিত ধানসহ বিভিন্ন ফসল শুকানো, সেচকাজ, গোসল এবং গবাদিপশুকে ধোওয়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজে দীর্ঘকাল ধরে পুকুরটি ব্যবহার করে আসছেন। এটি এলাকার পরিবেশগত সামঞ্জস্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।

 

তবে এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে জনস্বার্থের এই জলাশয়টি দখলের অপচেষ্টা ও পাঁয়তারা চালিয়ে আসছে। তাদের সাথে যোগ দিয়েছে স্থানীয় কিছু স্বার্থান্বেষী ও কুচক্রী মহল। সম্প্রতি তারা পুকুরটি ভরাট করতে শুরু করলে এলাকায় ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে। মানববন্ধন থেকে আন্দোলনকারীরা অনতিবিলম্বে অবৈধ জলাশয় ভরাট কার্যক্রম বন্ধের দাবি জানান। একই সাথে জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে এনে এলাকার স্বাভাবিক ও প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

 

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত এই দখল ও ভরাট বন্ধ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকাবাসীর পক্ষে শফিকুল ইসলাম এর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ হাসান, হারুনর রশীদ, মানু মিয়া মানিক, মইন উদ্দীন, হোসেন, জহুরুল ইসলাম, হাসেন আলীসহ শত শত নারী পুরুষ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম