কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে লিখন শেখ (৩০), রিপন শেখ (৩৩), একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ফজর আলী শেখ (৫৬) এবং ধুনট পৌর শহরের চান্দারপাড়া এলাকার দুলাল শেখের ছেলে বিপ্লব শেখ (২১)।
মামলা সূত্রে জানা যায়, সোনারগাঁও গ্রামের মজিদ শেখের ছেলে বেলাল হোসেনের সঙ্গে একই এলাকার লিখন ও রিপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধর জেরে গত ৭ অক্টোবর সন্ধ্যায় লিখন ও রিপন জোরপূর্বক বেলাল হোসেনের বসতভিটায় গাছ রোপণ করতে যায়। এ সময় বেলাল হোসেনের পরিবারের সদস্যরা গাছ লাগোনোর কারণ জানতে চাইলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লিখন ও রিপনসহ তাদের লোকজন বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে।
এ সময় বেলাল হোসেনের ছেলের স্ত্রীর গলায় থাকা ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধুনট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।