​
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:  ​নওগাঁর রাণীনগরে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘উদ্যোক্তা (UDOYJ)’ কর্মসূচির নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি, রাণীনগর শাখা, নওগাঁর আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। সোনালী ব্যাংক রাণীনগর শাখার ব্যবস্থাপক এম এম আবু হায়াতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক খন্দকার আব্দুল হান্নান, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মোস্তাকিমা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভির হাসান, শের-এ-বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. শাহানাজ বেগম এবং সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদী হাসান।
​সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণ প্রজন্মের মাঝে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘উদ্যোক্তা (UDOYJ)’ কর্মসূচির আওতায় সহজ শর্তে ঋণ প্রাপ্তি, সঠিকভাবে ব্যবসা পরিচালনা এবং এর নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় তরুণ উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত এই কর্মসূচিতে পাইলট পর্যায়ে ৮টি বিভাগ থেকে ৮টি জেলা নির্বাচিত হয়েছে। তার মধ্যে আমাদের নওগাঁ জেলা নির্বাচিত হওয়া রাণীনগর উপজেলার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তবে এটি পাইলট পর্যায় হওয়ায় এর সফলতা-ব্যর্থতার ওপর অন্যান্য জেলার ভবিষ্যৎ নির্ভর করবে। এটি আমাদের জন্য একটি বড় দায়িত্বও বটে।
সঠিক যাচাই-বাছাই ও সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে আজকের তরুণ উদ্যোক্তাদের আগামীদিনের ভবিষ্যৎ। সরকারের এই পদক্ষেপ সঠিকভাবে বাস্তবায়িত হলে আমরা আগামী দিনে বহু দক্ষ উদ্যোক্তা পাবো, যা দেশের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম