অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার মহোৎসবে মেতে উঠেছে দেশ। আর এ উৎসবের আমেজে অনন্য মাত্রা যোগ করেছে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পার্শী বাড়ি পূজা মণ্ডপ। প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রমী ও আকর্ষণীয় চিত্র, আলোকসজ্জা এবং প্রতিমার নান্দনিক চোখ ধাঁধানো সৌন্দর্যে মণ্ডপটি এখন দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ বিন্দুতে পরিণত হয়েছে।

 

মণ্ডপ প্রাঙ্গণে প্রবেশের আগেই মেইন রাস্তা হতে আলোকসজ্জার দৃশ্য বড়ই মনোরম। কিছুদুর পার হয়েই আরেকটি গেট যেন সৌন্দর্যের পসরা নিয়ে বসে আছে। এবারের তালোড়া পার্শী বাড়ি পূজা মণ্ডপের মূল আকর্ষণ হলো এর সুনিপণ ও শৈল্পিক সাজসজ্জা। মণ্ডপের ভেতরে চারপাশে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীর আদলে রাম, ল²ণ ও সীতার অবয়ব তৈরি করা হয়েছে। প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীর হাতের ছোঁয়া ও রঙের নিখুঁত ব্যবহার দেবী দুর্গা সহ অন্য দেবতাদের যেন এক স্বর্গীয় ও জীবন্ত রূপ দিয়েছেন।

 

এর সাথে যুক্ত হয়েছে চোখ ধাঁধানো আধুনিক আলোক সজ্জা, যা রাতের বেলা মণ্ডপের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এছাড়া মণ্ডপের আগে যে ফটকটি তৈরি করা হয়েছে তা সৌন্দর্যের এক অনাবিল ছোঁয়া। মণ্ডপ দেখতে আসা কয়েকজন জানান, বর্তমানে দুপচাঁচিয়া উপজেলায় যে কয়টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে পার্শী বাড়ি পূজা মণ্ডপ তাদের মধ্যে অন্যতম। প্রতি বছরই এ মণ্ডপে সৌন্দর্যে আধুনিকতার ছোঁয়া থাকে।

 

পার্শী বাড়ি পূজা মণ্ডপের সভাপতি দিলীপ পার্শী জানান, প্রতি বছরই দর্শনার্থীদের নতুন কিছু সৌন্দর্য উপহার দেয়ার চেষ্টা থাকে পার্শী বাড়ি এই পূজা মণ্ডপে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দর্শনার্থীদের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে মণ্ডপ পরির্শনের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

 

তিনি আরও জানান, প্রতিমা ও সাজসজ্জায় সৌন্দর্যের দিক বিবেচনা করে উপজেলা পূজা উযযাপন পরিষদ হতে কয়েকবার পুরস্কার পেয়েছে পার্শী বাড়ি পূজা মণ্ডপ। এরই ধারাবাহিকতায় পার্শী বাড়ি পূজা মণ্ডপ এবারও সবার স্মৃতিতে এক অনন্য স্থান দখল করে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এবার দুপচাঁচিয়া উপজেলায় ৪৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম