বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর সহযোগী ও স্থানীয় কয়েকজন নারী। তবে পুলিশের তৎপরতায় তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তির নাম রতন। তিনি সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার বাদল বেপারীর ছেলে এবং পেশায় একজন নৌযানচালক। পুলিশ জানিয়েছে, রতনের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদক ও দ্রুত বিচার আইনে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে রতনকে আটক করতে গেলে তাঁর সহযোগী ও স্থানীয় কয়েকজন নারী পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা পুলিশের কাছ থেকে রতনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় ধাক্কাধাক্কিতে এএসআই উজ্জ্বল আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতনকে থানায় নিয়ে যায়। আহত এএসআই উজ্জ্বল স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম