অনলাইন ডেস্কঃ
আগামীকাল রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা চলতি বছরের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন আহ্বান করেছেন।
এটি বর্তমান নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।এই অধিবেশনের মূল আকর্ষণ হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ এবং এর ওপর বিস্তারিত আলোচনা ও পাস করার আনুষ্ঠানিক কার্যক্রম।
নতুন অর্থবছরের এই বাজেটে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন ঘটবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অধিবেশনের বিষয়টি জানানো হয়েছিল। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর থেকে অধিবেশনটি সুশৃঙ্খল ও যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সাধারণত প্রতি বছর জুন মাসে দেশের সার্বিক অর্থনৈতিক গতিপথ নির্ধারণের জন্য জাতীয় বাজেটের ওপর আলোচনার লক্ষ্যে এই অধিবেশন বসে, যা ‘বাজেট অধিবেশন’ হিসেবে পরিচিত। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে গত ৩০ এপ্রিল শেষ হয়েছিল।